নিজের কোম্পানিতে শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান এবং নয় মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, চেক বই, বিদেশী সিগারেট ইত্যাদি উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর শাহ আমানত বিমানবন্দরের মেইন গেইটের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হক চট্টগ্রামের হালিশহর আই বøকের ১৮ নং বাড়ির বাসিন্দা মুজিবুল হকের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আব্দুল হক বিভিন্ন ব্যক্তিকে তার কোম্পানিতে শেয়ার ও চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। পরবর্তীতে শেয়ার ক্রয় করা লোকদের লভ্যাংশ দেয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা হিসাবের বিপরীতে চেক প্রদান করতো। প্রকৃতপক্ষে সেসব হিসাবে কোন টাকা থাকতো না।
তিনি আরও বলেন, ‘এভাবে দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় আব্দুল হক। প্রকৃত ঠিকানা গোপন করে বন্ধুদের বাড়ি ও আবাসিক হোটেলে বসবাস করতেন তিনি। কিছুদিন ঢাকা, কিছুদিন চট্টগ্রাম, এভাবে ঘনঘন অবস্থান পরিবর্তন করতেন। একাধিক মোবাইল সিম ব্যবহার করে নিজের অবস্থান সম্পর্কে কাউকে বুঝতে দিতেন না।’
‘গ্রেপ্তারের পর আব্দুল হক নিজের মুখে অকপটে সব অপরাধ স্বীকার করে নেয়। তার দেয়া তথ্যমতে, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে ১ কোটি ৩৫ লক্ষ টাকার ১৫ টি চেক জাল-জালিয়াতির রয়েছে। তন্মধ্যে ৯ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড হয়েছে।’

