লোহাগাড়ায় অভিযানে পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের লোকহর্ষক ঘটনায় প্রধান আসামি কবিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-(র্যাব)।
বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। রাত সাড়ে ১০টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে গত রবিবার লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, ১৫ মে’র হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হন।

