চট্টগ্রামের ফটিকছড়িতে শয়নকক্ষ থেকে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু চাঁদনী ওই এলাকার সাইফুদ্দীনের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী, শ্বাশুড়- শ্বাশুড়ি ও ননদ পলাতক রয়েছে। নিহত গৃহবধূর বাড়ি হাটহাজারী এলাকায় হলেও সে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর এলাকায় নানার বাড়ি থাকত।
জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদনী ও সাইফুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়-শাশুড়ীর সাথে ঝগড়া বিবাদ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে ঝগড়া হয়েছে। নিহত গৃহবধুর নানা মোঃ আরিফুর রহমান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর নাতনিকে অনেক আদরে লালন পালন করে বিয়ে দিয়েছি। তাদের বিয়ে হয়েছে ৫ মাস হচ্ছে। বিয়ের পর থেকে তার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে প্রায় মারধর করতো। এখন আমার নাতনিকে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
