চট্টগ্রামের ফটিকছড়িতে মো. বেলাল উদ্দিন (৪০) নামেনএক অটোরিকশা চালকের গলা কাটা লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ভুজপুর থানার নিউ দাঁতমারা চা-বাগানের তোরণের পাশে লাশটি পাওয়া যায়। নিহত চালক বাগানবাজর ইউনিয়নের গার্ডের দোকানের বাসিন্দা শরফত উল্লাহর ছেলে। দীর্ঘদিন ধরে সে দাঁতমারা ইউনিয়নের বটতলি সরকারি আশ্রয়ণে পরিবার নিয়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চা-বাগানের অভ্যন্তরে শ্রমিকরা তাঁদের দৈনন্দিন কাজে গেলে এক প্রকার দুর্গন্ধ পেয়ে সামনের দিকে এগিয়ে যান। মুহুর্তেই গলাকাটা এক যুবকের লাশ দেখতে পায় তারা। পরে বাগান কর্তৃপক্ষের মাধ্যমে ভুজপুর থানায় বিষয়টি জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যান।
নিহতের ভায়রা মো. মামুন বলেন, ‘স্বজন বেলাল গত ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত থেকে নিখোঁজ হন। তাঁর ব্যবহৃত মুঠোফোনও সেদিন থেকে বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় বুধবার তার স্ত্রী থানায় অবহিত করে একটি নিখোঁজ ডায়েরী করেন। কিন্তু আজ দুপুরের দিকে অজ্ঞাত একটি লাশের সন্ধান পেয়ে সেখানে গিয়ে দেখি এটি বেলালের। চিহ্নিত করে তাঁর পরিবারকে খবর দিই। কিন্তু তার সাথে থাকা অটোরিকশার কোন সন্ধান মেলেনি। কারা এ হত্যাকান্ড ঘটাতে পারে বিষয়টি নিয়ে উৎকন্ঠায় আছি।’
নিউ দাঁতমারা চা-বাগানের সহকারি ব্যবস্থাপক মো. শফিউল আজম চৌধুরী বলেন, ‘একটি নিরীহ ভ্যানচালককে এভাবে নিশংসভাবে গলাকেটে হত্যা করা কোন মানুষের কাজ হতে পারে না। যে বা যারাই এ গর্হিক কাজ করেছেন তাদের শাস্তির আওতায় আনা দরকার।’
ভূজপুর থানার অফিসার্স ইনচার্য (ওসি) মাহবুবুল হক বলেন, ‘লাশের সন্ধান পেয়ে সেখানে পুলিশের একটি দল লাশ উদ্ধারে কাজ করছেন। আমরা নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
