সীতাকুণ্ডে সাজা পরোয়ানাভুক্ত আসামি পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিব খান ও তার স্ত্রী দিলশাদ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাতে শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এই দম্পতির বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনির মুজিব খানের ছেলে মো. মুহিব খান (৬০) ও তার স্ত্রী
দিলশাদ বেগম।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ডেভেলপার ব্যবসা করতেন। তারা ফ্ল্যাট নির্মাণের জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে ১ কোটি ২০ লাখ টাকার মালামাল সরবরাহের জন্য ঋণ গ্রহণ করেন। পরে বিভিন্ন কিস্তিতে ওই ঋণের টাকা গ্রহণ করে পরিশোধ না করায় ব্যাংক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় আদালত তাদের দণ্ড প্রদান করেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও ১৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন আদালত।
এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

