চট্টগ্রামের রাউজান উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল (সোমবার) বেলা ১১ টায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সম্মেলন কক্ষে একযোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এছাড়াও ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা পর্যায়ের ১৫ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে এই কর্মশালাগুলো সুসম্পন্ন করতে দায়িত্ব পালন করেন। ইউনিয়নসমূহ পরিদর্শন করে দেখা যায়, এতে প্রায় ৫ হাজারের অধিক লোকের লোকসমাগম ঘটেছে।
এবিষয়ে রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ একটি উদ্যোগ। তিনি আরো বলেন, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকেই এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে। যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ। কর্মশালায় অংশ নেওয়া ব্যবসায়ী মো. মমতাজ মিয়া বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ আমাদেরকে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেছেন, আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো।
গৃহিনী শায়লা ইসলাম বলেন, এই পেনশন স্কিম গ্রহণের মধ্যদিয়ে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি আমরাও পেনশনের আওতায় আসতে পারব। এটা বেশ আনন্দের ব্যাপার।এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণকরায় আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। ছবি ক্যাপশন: রাউজান(চট্টগ্রাম) : সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।
