যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিও মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৩০মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফিরতি চিঠির মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা, মিত্রতা, সম্পর্ক আরও উচ্চতা নিয়ে কাজ করছি।
তিনি বলেন, সোমালিয়ার জলদস্যুদের সাথে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলাপ আলোচনা মাধ্যমে আমার আশা করছি সহসাই আমাদের নাগরিকদের মুক্ত করতে পারব, জাহাজটিও মুক্ত করতে পারব । নাবিকরা সবাই ভালো আছে। তারা কেবিনে আছে। তাদের খাবার দাবার কোন সমস্যা নেই। নাবিকদের সঙ্গে কোন খারাপ আচরণ এ পর্যন্ত করা হয় নাই।
ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমার সেনাবাহিনীর তিনজন কর্মকর্তা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা আমাদের বিজিবির হেফাজতে আছে। যারা পালিয়ে আসছে, তাদেরকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার ইতিমধ্যে প্রস্তাব করেছে। আমরা আশা করি খুব সহসাই, তাদেরকে নৌপথে ফেরত পাঠাতে পারবো।

