কাতার নকআউট পর্ব নিশ্চিত করেছিলো আগেই।এই গ্রুপ থেকে কাতারের সঙ্গী হবে কোন দল সেটা নিয়ে ছিলো সকলের আগ্রহ।কারন অপর তিন দলেরই সম্ভাবনা ছিলো যদি ও কিন্তু নির্ভর হলেও।শেষ পর্যন্ত দমবন্ধ করা এক থ্রিলার ম্যাচ শেষে তাজিকিস্থান “এ” গ্রুপ রানারআপ হয়ে নকআউট পর্বে উঠেছে।খুব সম্ভবতঃ গ্রুপ পর্বের সেরা এক ম্যাচ হয়ে গেছে গতরাতে জাসিম বিন হাম্মাম স্টেডিয়ামে লেবানন বনাম তাজিকিস্থান ম্যাচে।স্টেডিয়াম তো বটেই টেলিভিশন বা অন্য কোন মাধ্যমে যিনি দেখেছেন এই খেলা,নিশ্চিত ভাবেই স্মৃতিপটে বহুদিন থেকে যাবে এই ম্যাচের কথা।
ফিফার ক্রম তালিকায় কাছাকাছি অবস্থান দুই দলের। লেবানন(৯৯) আর তাজিকিস্তান(১০৮)।আগের দুই ম্যাচ থেকে দুই দলের সংগ্রহও ছিলো সমান এক পয়েন্ট করে।তাই খেলার শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দলই।ঘটনাবহুল এই ম্যাচে কি হয়নি? গোলশূন্য প্রথমার্ধের পর লেবানন দ্বিতীয়ার্ধের দুই মিনিটের সময় লিড নেয়।হাসান স্রুর এসিষ্ট থেকে বাসেল জারাডি বক্সের প্রান্ত থেকে তাজিকিস্তান গোলকিপার রুস্তম ইয়াতিমভকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে উল্লাসে মেতে ওঠেন।১-০ গোলে এগিয়ে যায় লেবানন। কিন্তু খেলার ৫৬ মিনিটে লেবানন ডিফেন্ডার এল জেইন অবৈধ ট্যাকলের দায়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় লেবানন।হলুদ কার্ড দেওয়ার আগে ভিএআর রেফারির সাহায্য নিয়ে নিশ্চিত হয়ে নেন। দশ জনের লেবাননের বিপক্ষে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তাজিকিস্তান।এবং তাজিক ষ্ট্রাইকার শেরভনি মাবাতশোয়েভ ৬৭ মিনিটে লেবাননের জালে বল জড়িয়ে উল্লাসে মাতলেও রেফারি গোলের বাঁশি না দিয়ে ভিএআর রেফারির সাহায্য চাইলে ভিএআর দেখায় অফসাইডে ছিলেন গোলদাতা।বাতিল হয় গোল।৭৩ মিনিটে আলিশার জালিলভ আবার লেবাননের জালে বল জড়ালেও রেফারি ভিএআর রেফারির সাহায্য চান। আবারও অফসাইডের কারণে গোল বাতিল হয় তাজিকিস্তান।
পরপর দুইবার গোল বাতিল হলে মনোবল ভেঙে যাবারই কথা।কিন্তু তাজিকিস্তান হাল ছাড়েনি।তারই পুরস্কার পান তারা।৮০ মিনিটের সময় ফ্রি কিক থেকে উমারবায়েভের মাধ্যমে সমতায় গোল করে খেলায় ১-১ গোলের সমতায় আসে তাজিকিস্তান। নব্বই মিনিট শেষে ষ্টপেজ টাইম দেওয়া হয় ১৬ মিনিট। যার দ্বিতীয় মিনিটেই তাজিক ষ্ট্রাইকার থামরুকুলেভ লেবানন গোলরক্ষকের মাথার উপর দিয়ে বুদ্ধিদীপ্ত এক গোল করে তাজিকিস্তানকে ২-১ গোলে এগিয়ে নেন।বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি লেবানন। ফলে নিজেদের অভিষেক এশিয়ান কাপে প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তাজিকিস্তান। খেলা শেষে তাজিকিস্তান কোচ স্ট্রাইক সেগর্ট সাংবাদিকদের বলেন,আমি সব খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই।এটি একটি দুর্দান্ত ও একটি কঠিন খেলা ছিল।দুবার ভিএআর সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।কিন্তু মানসিকভাবে সেখান থেকে ফিরে আসা কঠিন ছিলো।কিন্তু আমরা হাল ছাড়িনি। এই খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা বুঝিয়ে দিয়েছে,তারা দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত।আমি তাজিকিস্তানের সকল মানুষকে অভিনন্দন জানাতে চাই।এটি বিশেষ কিছু।বলেন সেগর্ট। যদিও তখনো নিশ্চিত হয়নি কারা নকআউট পর্বে যাচ্ছে।ওটা নির্ভর করছিলো কাতার বনাম চীনের খেলার ফলের উপর। রাত সাড়ে এগারোটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কাতার নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় তাঁদের সেরা একাদশের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজিয়ে চীনের মুখোমুখি হয়।কিন্তু তারপরেও চীন হেরে গেছে ১-০ গোলে। খেলার ৬৬ মিনিটের সময় অধিনায়ক হাসান আল-হেইডোস একটি কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন।যাকিনা শেষ পর্যন্ত ফলাফল নির্ধারনী গোল হয়ে যায়। কাতার কোচ মার্কেজ লোপেজ অধিনায়ক হেইডোসের ভলির গোলটিকে ‘টুর্নামেন্টের সেরা গোল’ হিসাবে বর্ণনা করেছেন।
অন্যদিকে অভিজ্ঞ অধিনায়ক হেইডোস বলেছেন যে, টানা তিন ম্যাচে দলে সুযোগ পাওয়া প্রতিজন খেলোয়াড় যে পারফরম্যান্স করেছে তাতে তিনি গর্বিত। হেইডোস বলেন,আমাদের শেষ ষোলতে একটি খেলা আছে,আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছি এবং এখন আমরা পরের রাউন্ডে ফোকাস করব। আজকের খেলা:- এশিয়ান কাপ ফুটবলে আজ রয়েছে চারটি ম্যাচ।এই চার ম্যাচের ফলাফল ঠিক করে দিবে গ্রুপ “,বি” থেকে অস্ট্রেলিয়ার সংগী হয়ে নকআউট পর্বে যাবে কোন দল, আর গ্রুপ “সি” থেকে ইরানের সঙ্গী হবে কোন দল। * উজবেকিস্তান বনাম অস্ট্রেলিয়া (৫:৩০ মিঃ) * ভারত বনাম সিরিয়া (৮:৩০ মিঃ) * ইরান বনাম সংযুক্ত আরব আমিরাত (৯:০০ টা) * ফিলিস্তিন বনাম৷ হংকং ( ৯:০০ টা) (সবই বাংলাদেশ সময় অনুযায়ী।
