সহজ জয় দিয়ে এশিয়ান কাপ ফুটবলে যাত্রা শুরু করলো ইরাক ও জর্দান।গতরাতে নিজেদের প্রথম ম্যাচে ইরাক ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে ও মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জর্দান। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে মোহাম্মেদ আলার গোলে ১-০ তে এগিয়ে যায় ইরাক।৩৭ মিনিটের সময় ফারদিনের গোল সমতায় ফেরায় ইন্দোনেশিয়াকে।প্রথমার্ধের যোগ করা সময়ে রাশিদি গোল করে ২-১ গোলের লীড ও স্বস্তি দুটোই এনে দেয় ইরাককে।দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আহমেদ হামিন গোল করে ইরাকের জয় নিশ্চিত করে।বাকি সময়ে ইন্দোনেশিয়া তেমন কোন সুযোগ তৈরী করতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া ম্যাচের চিত্র ছিলো পুরোটাই ভিন্নধর্মী।
আল জানুলু স্টেডিয়ামে ম্যাচের বেশিরভাগ সময় প্রাধান্য বিস্তার করে খেলে মালয়েশিয়া,অথচ একটি দুটি নয় পুরো ম্যাচে চার গোল করে সহজ জয় পায় জর্দান।ম্যাচের ১২ মিনিটে আল মারদির গোলে এগিয়ে যাওয়া জর্দান পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পায় ১৮ মিনিটের সময়।গোল করেন আল তামান।৩২ মিনিটে আল মারদি নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করলে ৩-০ লীড নিয়ে বিরতিতে যায় জর্দান।দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় মালয়েশিয়ানদের পায়ে বলের দখল থাকলেও গোল করার মতো আক্রমণ করতে পারছিলোনা জর্দানের শক্তিশালী ডিফেন্সের জন্য।৮৫ মিনিটের সময় আল তামান আবার গোল করে জর্দানকে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন।কাতার এশিয়ান কাপের এই পর্যন্ত এটিই ছিল বড়ো ব্যবধানের জয়।এই জয়ের ফলে দক্ষিণ কোরিয়ার সমান তিন পয়েন্ট নিয়ে গোলগড়ে শীর্ষে আছে জর্দান।
