ইনার হুইল ক্লাব অব বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম ক্লাব ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ। এ সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে ‘নারীর প্রতি সহিংসতা : প্রতিবাদ ও প্রতিকার’ বিষয়ক এক সেমিনার গতকাল ৮ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে আনন্দঘন ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট৩৪৫ চেয়ারম্যান মিসেস শারমীন রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীদের অবদান কোন অংশেই কম নয়। দেশ গঠনেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ এই নারীরাই প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। এ নির্যাতন থেকে নারীদের বাঁচাতে হলে সবার আগে নারীদেরকেই সোচ্চার হতে হবে। নিজেদের সুরক্ষায় নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী, শিক্ষিত ও আইন বিষয়ে গভীর ধারণা রাখতে হবে। এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিতে হবে। অন্য নারীদের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, সমাজের অনগ্রসর নারীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে নারী নেতৃত্বকে আরও দায়িত্বশীল হতে হবে।
সম্মানিত অতিথি ছিলেন আইআইডবিøউ পাস্ট বোর্ড ডাইরেক্ট দিলরুবা আহমেদ। তিনি বলেন, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের মতো অন্য সংগঠনগুলোকেও নারীদের জন্য কাজ করতে হবে। নারীদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অতিথি আলোচক ছিলেন স্যোশাল ওয়ার্কার এন্ড হিউম্যান এক্টিভিস্ট’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।
তিনি বলেন, ঘরে বাইরে সব জায়গায় নারীরা আজ নির্যাতিত, নিগৃহীত। শিশু থেকে বৃদ্ধ কেউ সহিংসতা থেকে রক্ষা পাচ্ছে না। এ সবের বিরুদ্ধে নারীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীরা এখন সমতার কথা বলে না। তারা মর্যাদার কথা বলে। নারী-মর্যাদা সমুন্নত রাখার জন্য, নারীদের অধিকার সংরক্ষণে ও নিরাপত্তা বিধানে সর্বস্তরের নারীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিতে ইনার হুইল ক্লাবের নেতৃবৃন্দসহ সব সংগঠন ও সংস্থাকে এগিয়ে আসার আহŸান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিথি আলোচক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান। তিনি বলেন, নারীদের সহিংসতা রোধে নারীদেরকেই সবার আগে সোচ্চার হতে হবে। নারীরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের মানুষ ভাববে ততক্ষণ পর্যন্ত সহিংসতা-নির্যাতন প্রতিহত করতে পারবে না। তিনি আরও বলেন, নারী নির্যাতন রোধে অনেক আইন তৈরি হয়েছে। এ আইনি ধারায় নারীদের মর্যাদা রক্ষায়, নির্যাতন প্রতিহত করতে নারীদেরকেই সাহসী ভূমিকায় আইনি সহায়তা নিতে হবে। এজন্য সর্বস্তরের ব্যক্তি ও নেতৃত্বকে ইতিবাচক ধারায় দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দরিদ্র-অসহায় ও নির্যাতিত নারীদের সচেতন করার পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ সভাপতি নাসরিন নাহার। আইডবিøউসি আগ্রাবাদ’র সাধারণ সম্পাদক আসমা নেওয়াজ আহমেদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ শারমীন হোসাইন, ভাইস চেয়ারম্যান-১ ফারাহনাজ কাইয়ুম। ধন্যবাদ জ্ঞাপন করেন পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ এর প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল। পবিত্র কোরআন তেলোয়াত করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আক্তার বানু ফেন্সী, ইনার হুইল শপথবাক্য পাঠ করেন আইএসও উম্মে সারা আনিকা। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

