ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-আই এর প্রথম ম্যাচে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ও ১৮৩তম র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের মধ্যকার লড়াই। ২০১৫ সালের পর এটি হবে দুই দলের মধ্যে তৃতীয় ম্যাচ।
বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর (মঙ্গলবার) লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এ খেলা অনুষ্ঠিত হবে। ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ ২০২৪ সালে খেলবে বাংলাদেশ।২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল ১৫ নভেম্বর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেন, “শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আমরা আমাদের লড়াইয়ের চেতনা নিয়ে ভালো ফুটবল খেলতে চাই”। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে। তবে আমরা ম্যাচে আমাদের সেরাটা দিতে প্রস্তুত”।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, “ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা (বৃহস্পতিবারের) ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই”। শনিবার মেলবোর্নে পৌঁছানো বাংলাদেশ দল দীর্ঘ যাত্রার পর খেলোয়াড়দের ফিট করতে পর দিন (রবিবার) শুধু জিম ও রিকভারি সেশন করেছে।পরবর্তী দুই দিন মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যে অনুশীলন করে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষে এএএমআই পার্কে নিজেদের শেষ অনুশীলন করে বাংলাদেশ।
