বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করে ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় নাশকতার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার আগে গত ৩১ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
এছাড়া পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছয়দিনের রিমান্ডে রয়েছেন। আর প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন।

