চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। পরে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কতৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস জানান, একটা দুর্ঘটনা হয়েছিল। আমাদের টিম দ্রুত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে বর্তমানে একেবারে স্বাভাবিক রয়েছে।
এদিকে, শুক্রবার ছুটির দিনে টানেলের ভেতরে ও বাইরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভেতরে আটকে ছিল শত শত গাড়ি। শুক্রবার ছুটির দিন হওয়ার এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজট শুধু ভেতরে নয়। পতেঙ্গা ও আনোয়ার দুই প্রান্তেও দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মকর্তাদের।
এর আগে গত রোববার টানেলে দুর্ঘটনায় পড়েছে একটি প্রাডো গাড়ি। ওই দিন টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মেগা প্রকল্প টানেলের শুভ উদ্বোধন করেন। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

