সাবেক যোগাযোগমন্ত্রী ও মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ আবুল হোসেনের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান ব্রাসেলস থেকে প্রেরিত তার শোকবার্তায় বলেন, বলিষ্ঠ রাজনীতিবিদ সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তথ্যমন্ত্রী প্রয়াতের কর্মজীবন স্মরণ করে আরও বলেন, সৈয়দ আবুল হোসেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। শুধু তাই নয়, তার এলাকায় শিক্ষা বিস্তারে সৈয়দ আবুল হোসেন অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন।

