নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই। আমাদের দেশের মানুষ কোনো ধরনের সংঘর্ষ চায় না।
বুধবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, তাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে বলেছি যে, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আমরা সহিংসতা মোকাবিলা করেই এতদূর এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৮১ সাল পর্যন্ত দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এখন আর সেই অবস্থা নেই।
তিনি আরও বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। কাউকে সরকারে আসতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সংবিধানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি নির্বাচনের সময় তাদের (বিএনপি) প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবে কি আসবে না তা নিয়ে কথা হয়নি। সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে।
তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি সবাই পরীক্ষিত। নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। পুলিশ বেশি নিয়োজিত থাকবে না। তবে প্রয়োজনে সেনাবাহিনীকেও নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আগের মতো দেশে আর সংঘর্ষ হবে না। উপমহাদেশের নির্বাচনগুলোতে উৎসবের মতো অবস্থা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তিনি চান নির্বাচন কমিশনারের মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন হবে। আমাদের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এখানে দুর্নীতি ও ভোট চুরি করে কেউ পার পাবে না।

