চট্টগ্রাম নগরীর হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় আটক কামরুল হুদা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা অভিযুক্ত মো. কামরুল হুদা দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, পরিমল ধর নামের নগরের হাজারী গলি এলাকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কামরুল হুদা কয়েকজনকে সঙ্গে নিয়ে গত ১৬ সেপ্টেম্বর উপস্থিত হন। সেখানে কামরুল নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে পরিমলের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে কালো টাকা উপার্জন করার অভিযোগ তুলে তিনি পরিমলকে দুদকের একটি চিঠিও দেন। এরপর একটি মোবাইল নম্বর দিয়ে কামরুল দোকান ত্যাগ করেন। বিষয়টি ভুক্তভোগী তার ভাতিজার সঙ্গে শেয়ার করেন। ভাতিজা বিষয়টি নিয়ে কামরুলের দেওয়া নম্বরে বিভিন্ন সময় যোগাযোগ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে সিদ্ধান্ত হয় কামরুলকে ২০ লাখ টাকা দিলে তিনি বিষয়টির সমাধান করবেন।
তিনি আরও বলেন, এ নিয়ে শনিবার সন্ধ্যায় টাকা রিসিভ করতে দুদক কর্মকর্তা কামরুল চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে আসেন। অন্যদিকে বিষয়টি আগেই পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করে রাখেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী। সন্ধ্যায় উভয়ের মধ্যে বৈঠক চলাকালেও পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করে। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে মামলা রুজু করে পুলিশ। মামলায় দুদক কর্মকর্তা কামরুল এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

