প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন না নাকচ করেছে আদালত। শুনানির পর তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিনের আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার এসআই মোবারক হোসেন সাত দিনের রিমান্ড এবং চাঁদের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। আসামি পক্ষে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এর আগে সোমবার সকালে আসামি আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
তার আগে রোববার সন্ধ্যায় রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয় চাঁদকে।
গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো।

