চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ব্যক্তির নাম প্রিয় লাল দাশ। তিনি খুন হওয়া গৃহবধূ সুজাতাবালা দাশের স্বামী।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে হিন্দু ধর্মের নিয়মানুযায়ী মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকার মনোরঞ্জনের দাশের ছেলে প্রিয় লাল দাশের সঙ্গে একই উপজেলার নিতাই চন্দ্র দাশের মেয়ে সুজাতাবালার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আর্থিক অনটনসহ নানা কারণে স্ত্রীকে নির্যাতন শুরু করেন প্রিয় লাল। ২০১০ সালে ৮ ডিসেম্বর ভুক্তভোগী সুজাতাবালার পরিবারকে খবর দেওয়া হয় তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরদিন মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। একই সঙ্গে ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্ত করা হয়। এতে ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এরপর ঘটনাটি নিয়ে ২০১১ সালের ১১ এপ্রিল মিরসরাই থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত শেষে ২০১১ সালে ১৭ জুন প্রিয় লালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, এ মামলায় মোট ১৪ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য উপস্থাপন করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নিহতের স্বামী প্রিয় লালা দাশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন একমাত্র আসামি প্রিয় লাল দাশ। পলাতক থাকায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।

