নির্বাচন কমিশন (ইসি) সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়া দেওয়ায় একজন কাউন্সিলর পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে।ইসি যার প্রার্থিতা বাতিল করেছে তার নাম আফতাব হোসেন খান।অস্ত্র নিয়ে মহড়ার সেই ছবি দেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছিলো।
আজ ১৪ ই জুন বুধবার রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।খবর ইউএনবির। জাহাঙ্গীর আলম বলেন, মামলার এজাহার, ভিডিও ফুটেজ ও প্রার্থীর আইনজীবীদের বক্তব্য শুনে প্রতীয়মান হয়েছে তিনি (আফতাব হোসেন খান) আচরণবিধি লঙ্ঘন করেছেন।এ জন্য তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ১২ ই জুন সোমবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে।ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেন। ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেন। এতে ঘটনাটির সত্যতা পাওয়া যায়।ওই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার শুনানি শেষে ইসি তার প্রার্থিতা বাতিল করে

