সোমবার, ২২ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির মোবারক উল্যা (৬৬), আলী হোসেন বাচ্চু (৫০), হিজবুর রহমান স্বপন (৪৫), কবির হোসেন রিপন (৩০), একই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মো. খোকন (৫০), মো. মোস্তফা (৭০), আবুল হোসেন (৫০) ও করইতোলা গ্রামের বাগবাড়ির জাফর আহম্মদ (৫৫)। তাদের মধ্যে হিজবুর রহমান স্বপন পলাতক। বাকি সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ভিকটিম মেহেদী হাসান জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শ্রীরামপুর গ্রামের মফিজ উল্যার ছেলে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে চারজন মারা গেছেন। তাই তাদের বাদ দিয়ে বাকি আট আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত।

মামলার এজাহার সূত্র জানায়, শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির মফিজ উল্যার সঙ্গে একই বাড়ির মোবারক উল্যা ও আলী হোসেন বাচ্চুদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে মোবারকরা ২০১৩ সালের ৭ জানুয়ারি মফিজ ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এরপর থেকে মামলাটি প্রত্যাহার করার জন্য মফিজ উল্যাকে হুমকি দিচ্ছিল প্রতিপক্ষ। তা না করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এজন্য মফিজ ও তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপনে থাকতেন।

এদিকে প্রতিপক্ষ মোবারকদের করা মামলাটি দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. নুরনবী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মফিজের ছেলে মেহেদী হাসান জসিমের নাম বাদ দেওয়ায় মোবারকরা চরম ক্ষিপ্ত হন। এর মধ্যে জসিম সৌদি আরবে যান। সেখান থেকে ছুটিতে বাড়িতে ফিরলে মোবারকরা তাদের হুমকি দেন। এরপর জসিম বাড়িতে না থেকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে আত্মীয় গোলাম মাওলার বাড়িতে আত্মগোপনে যান।

২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি রাতে জসিমের সঙ্গে তার বড় ভাই আবদুল হাই ও গোলাম মাওলার ভাই মাসুদ একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই সময় প্রতিপক্ষের লোকজন জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে জসিমের বুকে গুলি করেন। এতে বাধা দিতে গিলে তারা অন্যদেরও মারধর করেন এবং গুলি করার হুমকি পালিয়ে যান। পরে জসিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন জসিমের বাবা মফিজ উল্যা বাদী হয়ে সদর থানায় মোবারকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর থানার সে সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের ১২ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে আবার মামলাটি তদন্ত করে সিআইডি। লক্ষ্মীপুর জেলা সিআইডি পুলিশের সেই সময়ের এসআই আফসার আহমেদ ২০১৫ সালের ৮ অক্টোবর আবার আদালতে হত্যা মামলার অভিযোগপত্র দেন। এতে ওই ১২ জনকে অভিযুক্ত করা হয়।

এর মধ্যে আসামি আবুল কাশেম, সফিক উল্যা, আমির হোসেন ও অজি উল্যা মারা গেছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।

মামলার বাদী মফিজ উল্যা বলেন, আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। জড়িতদের ফাঁসির রায় হয়েছে। রায়ে আমি সন্তুষ্ট।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...