২২ মে – বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ চতুর্থ । সোমবার সকাল ৯ টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৫৬। সে অনুযায়ী বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
এ তালিকায় ১৯৮ একিউআই স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; ১৭৪ নিয়ে দ্বিতীয় চীনের শেনিয়াং। তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬০ এবং পঞ্চম স্থানে থাকানেপালের কাঠমান্ডুর স্কোর ১৫৩।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

