প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।
বৃহস্পতিবার(১৮মে) নদীর নয়াহাট এলাকার কয়েকটি পয়েন্ট থেকে নমুনা ডিম সংগ্রহ করেন ডিম সংগ্রহকারীরা। এর আগে, বুধবার বিকেলেও কিছু কিছু পয়েন্টে নমুনা ডিম পাওয়া যায়।
ডিম সংগ্রহকারীরা জানান, দুই থেকে তিন গ্রাম ডিম সংগ্রহ করেছেন কয়েকজন। মেঘের গর্জন ও বৃষ্টিতে পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা হচ্ছে। রাতে ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদায় এখনো ডিম ছাড়েনি মা মাছ। তবে কিছু কিছু পয়েন্টে খুব অল্প পরিমাণে নমুনা ডিমের দেখা মিলেছে।

