মরিয়ম খাতুন। বয়স পেরিয়েছে সত্তর। নিজে হাঁটতে পারেন না ঠিকই, কিন্তু ছেলের কাঁধে ভর দিয়ে চলে এসেছেন ভোট দিতে।
বৃহস্পতিবার(২৭ এপ্রিল) সকাল থেকে চলছে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকালেই বোয়ালখালী উপজেলার উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা মেলে মরিয়ম খাতুনের।
ভোট নিয়ে নিজের অনুভূতির কথা জানতে চাওয়া হয় মরিয়ম খাতুনের কাছে। জবাবে তিনি বলেন, বউতবার ভোট দি, এইবারও দিতাম আইস্যি (অনেকবার ভোট দিয়েছি, এবারো দিতে এসেছি)। যন্ত্র ওগ্গোত টিপ মারনর লগে ভোট অই গেইয়্যে বলে (মেশিন একটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট হয়ে গেছে)। বউত সুন্দর নিয়ম (অনেক সুন্দর নিয়ম)।
মরিয়ম খাতুনকে ভোটকেন্দ্রে নিয়ে আসা ছেলে মোহাম্মদ নাছির বলেন, মা ভোট দেওয়ার ব্যাপারে খুব বেশি সচেতন। সকাল থেকেই ভোটকেন্দ্রে আসার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। পরে আমি নিয়ে আসি।
এদিকে, সকাল থেকে সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো ধরনের অভিযোগও আসেনি। নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, আনসার ও র্যাব মোতায়েন রয়েছে। পাশাপাশি জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আশা করি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

