চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বডিগার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে।
এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৪৮/২০.০৪.২৩) করেছেন কোতোয়ালির ওসি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঈদ সামগ্রী বিতরণে পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তাকে প্রটোকল হিসেবে পাশে থেকে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল। এ সময় পেছেন থেকে বাম হাতের কনুই দিয়ে ওসিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এএসআই সন্তু। সঙ্গে সঙ্গেই ওসি দাঁড়িয়ে গিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মন্ত্রীর বডিগার্ড ও ওসি তর্কে জড়ালে তাদের রুমের ভেতরে নিয়ে যান নওফেল।
এই ঘটনায় ওসি জাহিদুল কবির কোতোয়ালি থানায় একটি জিডি ও নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় আজ শুক্রবার বিকেলে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। ওসিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

