ঈদুল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পায়নি বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ের তথ্য বিশ্লেষণ করে ঈদুল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পায়নি র্যাব। তবে যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় র্যাবের স্ট্রাইকিং ফোর্স ও কমান্ডো টিমকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকে টহল জোরদার থাকবে।
শুক্রবার বেলা পৌনে ১১টায় ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ্রিংকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শপিং মল, বিপনীবিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পোশাক শ্রমিকদের বেতন ও বোনাসের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য সতর্ক রয়েছে র্যাব।
এছাড়া ঈদকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে গুজব, উস্কানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান র্যাব ডিজি।

