চোরাই পণ্য বেচাকেনা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পাহাড়তলী থানার আব্দুল আলী নগর জোলারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপিনাথপুর গ্রামের সেলিম খন্দকারের ছেলে হোসাইন খন্দকার (৩৬), কুমিল্লার চান্দিনা থানার অম্বলপুর গ্রামের মোসলেম ভূঁইয়ার ছেলে মো. মামুন ভূঁইয়া (৩২) ও একই জেলার কোতোয়ালী থানার শাসনগাছা গ্রামের প্রয়াত মোস্তফা জামালের ছেলে মো. বদিউজ্জামান (৩৪)। তারা পাহাড়তলী থানার জোলাপাড়া ওসমান চেয়ারম্যান বাড়ির মামুন জমিদারের বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চক্রটি চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল, ল্যাপটপ এসব অল্পদামে কিনে নেয়। এরপর বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেসে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য জাল এনআইডি ব্যবহার করে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ, ১৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও দু’টি জাল এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

