চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকা থেকে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ।
গ্রেপ্তার মো. জানে আলম (৪১) চন্দনাইশ থানার পশ্চিম কেশুয়ার মৃত গুরা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নতুনব্রিজ এলাকা থেকে জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি ও চন্দনাইশ থানায় একটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

