নগরীর কোতোয়ালীর কদমতলী ফ্লাইওভার মোড়ের অংশে সিএনজি টেম্পু উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও সিরাজুল(৫৫)।
নুর উল্লাহ আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম ও পরিচয় জানা যায়নি। আহত ছয়জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

