চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় সম্প্রতি খুন হওয়া ব্যবসায়ী রফিকের খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামের প্রেস ক্লাবের এস রহমান হলে আজ (২ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করেছেন নিহত রফিকের মা, স্ত্রী-সন্তান ও স্বজনেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিক হত্যা মামলার প্রধান আসামি ইলিয়াছ প্রকাশ গাভী ইলিয়াছ ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবি জানান নিহত রফিকের স্ত্রী আরজুন নাহার নিশা।
তিনি বলেন, পতেঙ্গা এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতে গাভী ইলিয়াছ তৈরী করেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। গাভী ইলিয়াছের বিরুদ্ধে সিএমপির একাধিক থানায় ও আদালতে শতাধিক মামলা রয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত রফিকের স্ত্রী বলেন, ওরা আমার স্বামীকে খুন করেও চুপ নেই, ওরা আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমরা যেনো মামলা তুলে নেই। এই হত্যা মামলা স্বাক্ষীদেরকেও ভয়ভীতি দেখাচ্ছে গাভী ইলিয়াছের সন্ত্রাসী বাহিনী। হত্যা মামলার পর পতেঙ্গা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে আরো ৩টি সাধারণ ডায়েরি করেছি আমরা।
সংবাদ সম্মেলনে নিহত রফিকের মা হালিমা খাতুন বলেন, প্রধানমন্ত্রী আঁর মা, আঁই প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই। গাভী ইলিয়াছের ফাঁসি চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত রফিকের ভাই শাহিনুর, আব্দুর নুর, বোন নুর আক্তার, কহিনুর প্রমুখ।

