ঢাকায় ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা লুটের ঘটনায় খুলনা থেকে দুই মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টাকার ব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা গোয়েন্দা শাখার একটি দল খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় সিঅ্যান্ডবি কলোনিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক একজনের নাম আকাশ। তবে আটক অন্য দুই মহিলা ও উদ্ধার হওয়া টাকার পরিমাণ সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। আটকের পর পরই তাদের একটি মাইক্রোবাসে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘শনিবার রাত থেকে ঢাকার একটি টিম এসে খুলনাতে অভিযান শুরু করে। আমরা তাদের অভিযানে সহায়তা করেছি। তবে তারা কী উদ্ধার করেছে, এটা আমরা বলতে পারব না। ঢাকা থেকে জানানো হবে।’

