১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে সেনা, নৌ ও বিমানবাহিনী।
শনিবার রাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি এখন সেনাবাহিনী ও নৌবাহিনীর চারটি ইউনিট কাজ শুরু করেছে। পাশাপাশি এয়ারফোর্সের টিমও রিপোর্ট করেছে। তাদের দুটি ইউনিটও কাজ করবে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা নেমসন ডিপোর পাশে এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া একটি তুলার গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। এ দুর্ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন জানায়, সপ্তাহখানেক ধরে এসএল গ্রুপের গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের আগুনের স্ফূলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানিয়েছেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সীতাকুণ্ডে তুলার গুদামে অগ্নিকাণ্ড তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে জেলা পুলিশ সুপার, শিল্প পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশন (বিটিএমসি), বিস্ফোরক পরিদফতর, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) একজন করে প্রতিনিধি এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্য করা হয়েছে।
কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান এনডিসি তৌহিদুল ইসলাম।

