বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিন ২০২৩-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পর্যটন বোর্ড আইটিবি বার্লিন ২০২৩-এ সহ-প্রদর্শক হিসেবে দেশের দশটি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় ১৬৯টি দেশের ৫৫০০ প্রদর্শক তাদের পর্যটন পণ্য ও সেবা (ট্যুর প্যাকেজ) প্রদর্শন করে।
জর্জিয়া, আইটিবি বার্লিন ২০২৩-এর আনুষ্ঠানিক আয়োজক দেশ গত ৬ই মার্চ সিটিকিউব বার্লিনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গরিবাশভিলি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, ডক্টর রবার্ট হ্যাবেক, ভাইস চ্যান্সেলর এবং অর্থনৈতিক বিষয় ও জলবায়ু অ্যাকশনের ফেডারেল মন্ত্রী, মেসে বার্লিনের সিইও, বার্লিনের মেয়র, ডব্লিউটিটিসির সিইও প্রমুখ।
৭ মার্চ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বে পরিচিত করতে এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস ব্যক্ত করেন।
মেলার সমন্বয়কারী জার্মানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম তার মতামত ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে, তবে এই খাত থেকে লাভবান হওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে এটিকে প্রচার করতে হবে। আইটিবি বার্লিন একটি নিখুঁত প্ল্যাটফর্ম যেখানে আমরা এই প্রচার নিশ্চিত করতে পারি।”
আইটিবি বার্লিন ২০২৩-এ অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্রমবর্ধমান পর্যটন অবকাঠামোকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সাথে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে।
“পরিবর্তনের জন্য উন্মুক্ত” স্লোগান নিয়ে মেলাটি শুধুমাত্র B2B দর্শকদের জন্য একটি ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বাংলাদেশের পর্যটন পণ্য ও সেবার বৈচিত্র্যময় পরিসর বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।
বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে এই মেলায় অংশগ্রহণ করেন রাইজিন বাংলাদেশ, ট্যুর প্ল্যানার্স লিমিটেড, আইরুমসবিডি, দেশঘুড়ি ডট কম, সানমুন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বেয়ন্ড এডভেঞ্চার এন্ড ট্যুরিজম ডিএমসি,এ-ওয়ান ট্যুরিজম, বগুরা এয়ার ট্রাভেলস, পাবনা ট্যুরস এন্ড ট্রাভেলস এবং কসমস হলিডে।
এদিকে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সাথে বাংলাদেশে জার্মানের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করেন রাইজিন বাংলাদেশের সিইও, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক এবং স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল। এসময় জার্মানির বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে কিভাবে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সেক্টরে কিভাবে জার্মানি বিনিয়োগ আনা যায় সেই ব্যাপারেও খোলামেলা আলোচনা করেন তারা।
একই সাথে জনাব রাসেল রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়াকে বাংলাদেশ-জার্মান সম্পর্ক আরও সম্প্রসারিত ও গভীর করে বাংলাদেশে জার্মান বিনিযোগ আরো বাড়ানোর আহবান জানান।

