চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনের এবি সার্জিকেল বিল্ডিংয়ের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত মো. ইদ্রিস (৫০) ওই মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদ মেশিনের দোকান কাজ করতেন। তিনি রাউজানের উরকিরচর এলাকার মাহমুদুল হকের বাড়ির মৃত নূর হোসেনের ছেলে।
অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, “নগরীর আন্দরকিল্লা মেটারনিটির সামনের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দু’টি টিম কাজ করছে। এছাড়া আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকেও টিম এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।”

