ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ১৮৩টি দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশেও আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালিত হচ্ছে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘ভবিষ্যৎ প্রজন্মের লালন : কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

