সোনিয়া রানী রায় নামে এক নারী রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেছেন। আজ বৃহস্পতিবার(১২জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সোনিয়া মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে উপস্থিত রোভার স্কাউটের সদস্যদের তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন।
সোনিয়া রানী দাসের স্বামী সুকান্ত সাহা জানান, তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতেন। ভর্তির জন্য বাসা থেকে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে। সেসময় মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব হয়। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুকান্ত সাহা বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল।
মেট্রোরেলে উত্তরা দিয়াবাড়ী স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে দ্রুত গতির এ বাহনটি। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের সময়সূচি কিছুটা পরিবর্তন হয়ে চলবে সকাল সাড়ে ৮টা থেকে।

