আসন্ন বিশ্ব ইজতেমায় অংশ নিতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে এবারও বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১৩-১৫ জানুয়ারি ও ২০-২২ জানুয়ারি পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।
এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে আজ মঙ্গলবার রেলওয়ে সূত্রে জানা গেছে।
এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনার যেসব পরিকল্পনা নিয়েছে সেগুলো হলো, আগামী ১৪ ও ২১ জানুয়ারি জামালপুর-টঙ্গী পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। ট্রেনটি জামালপুর থেকে ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে এবং টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে।
এ ছাড়া আগামী ১৩ ও ২০ জানুয়ারি ঢাকা-টঙ্গী পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ১০টা ২০ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে ১১টা ২০ মিনিটে। জুম্মার নামাজ শেষে ট্রেনটি টঙ্গী ছাড়বে দুপুর ২টা ৫০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।
আখেরি মোনাজাতের দিন আগামী ১৫ ও ২২ জানুয়ারি ঢাকা-টঙ্গী রুটে স্পেশাল ট্রেন-১ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে ভোর ৬টা ১৫ মিনিটে, স্পেশাল ট্রেন-২ ঢাকা ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে, স্পেশাল ট্রেন-৩ ঢাকা ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং টঙ্গী পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, স্পেশাল ট্রেন-৪ ঢাকা ছাড়বে সকাল পৌনে ১০ টায় এবং টঙ্গী পৌঁছাবে সকাল বেলা পৌনে ১১টায়, স্পেশাল ট্রেন-৫ ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায় এবং টঙ্গী পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়।
টঙ্গী-ঢাকা রুটে স্পেশাল ট্রেন-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ৩৫ মিনিটে, স্পেশাল ট্রেন-২ টঙ্গী ছাড়বে দুপুর ১টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ৩৫ মিনিটে, স্পেশাল ট্রেন-৩ টঙ্গী ছাড়বে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩-১০ মিনিটে, স্পেশাল ট্রেন-৪ টঙ্গী ছাড়বে বিকেল ৪টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে বিকাল ৫টা ২০ মিনিটে, স্পেশাল ট্রেন-৫ টঙ্গী ছাড়বে রাত ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়।
টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল ট্রেন-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টা ৫৫ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৪টা ৫৫ মিনিটে। এ ছাড়া টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে এবং টাঙ্গাইল পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।
রেলওয়ে সূত্র আরও জানায়, ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে আগামী ১৩ থেকে ১৫ এবং ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে বিরতি থাকবে।

