দেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। ইসলামী ব্যাংকে ‘অনিয়ম’ হয়েছে বিভিন্ন মাধ্যমে এমন তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ডিবিপ্রধান বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি স্বনামধন্য ব্যাংক। এটি এক সময় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মীর কাশিম আলীসহ স্বাধীনতাবিরোধীদের দখলে ছিল। পরবর্তীতে ব্যাংকটি স্বাধীনতা বিরোধীদের দখল থেকে মুক্ত হলে জামায়াত-শিবির এর ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাতে থাকে। দেশবিরোধী চক্র সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং খাত নিয়ে আস্থার সংকট তৈরির চেষ্টা চালায়। এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিকখাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা।
আজ সোমবার(৯জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হারুন অর রশীদ। গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে এই সংবাদ সম্মেলন হয়। সেই পাঁচজন হলেন মোহাম্মদ নুর উন নবী, মো. আফসার উদ্দিন রোমান, মো. আবু সাইদ সাজু, মো. স্বাধীন মিয়া ও মো. আব্দুস সালাম।

