রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির রূপরেখার সমালোচনা করে ক্ষমতাসীন আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, ধ্বংস করতে পারে।
আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিএনপি ও তাদের সমমনা ৩২ দলের ‘যুগপৎ কর্মস‚চি’ গণমিছিলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রাজপথে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কেন্দ্রের নির্দেশে কোথাও তারা অবস্থানে আছেন, কোথাও হচ্ছে সমাবেশ।
শ্যামলী স্কয়ারের সামনের এই সমাবেশে কাদের বলেন, ‘ডিসেম্বর মাস। আজ সারা ঢাকা মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে।’
সম্প্রতি বিএনপির ঘোষিত রূপরেখা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলে রাষ্ট্র মেরামত করবে। বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা। এই রাষ্ট্রের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছে তারা।’
‘এই লুটেরা, ধ্বংসকারীরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, ধ্বংস করতে পারে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বুদ্ধিজীবী নামিয়েছে, (দলটির মহাসচিব) মির্জা ফখরুলের মুক্তি চায়। এই বাংলায় যখন ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে হত্যা করা হয়, তখন এই বিবৃতিজীবীরা-বিশিষ্টজীবীরা রক্ষা করতে পারেনি, বিবৃতি দেয়নি।’

