চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় ট্রাকের ধাক্কায় জনি আক্তার (৩৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এনজিও কর্মকর্তা ঝিনাইদহের দূর্গা নারায়ণপুর কুটিয়া গোয়ালপাড়া এলাকার মৃত হোসেন বিশ্বাসের ছেলে। তিনি খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) নামের একটি এনজিও সংস্থার চট্টগ্রামের পাথরঘাটা ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক ছিলেনএবং চট্টগ্রামে ডেপুটি রোড পূর্ব বাকলিয়া, আশরাফিয়া হাউজিং সোসাইটিতে পরিবার নিয়ে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ বিন আব্দুল্লাহ।
তিনি জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

