সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারসহ ১৪ দফা দাবি তুলে ধরেছে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য এসব দাবি তোলা হয়েছে বলে জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুগপৎ আন্দোলন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্না ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাতকাইয়ূম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে বিএনপির গণসমাবেশে ঘোষিত ১০ দফার দাবিতে সম্মতি প্রকাশ করে গণতন্ত্র মঞ্চ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসনব্যবস্থা বদলের ১৪ দফা ঘোষণা করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা এই ১৪ দফার আলোকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন ও সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যে গড়ে তুলতে চাই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা ৭ ডিসেম্বর বিএনপিকে ১৪ দফা দিয়েছি তারা পড়েছেন, তারাও আমাদেরকে ১০ দফা দিয়েছেন। আপনারা অবগত আছেন যে আমরা ও বিএনপি উভয়ের মধ্যে একটি লিয়াজো কমিটি গঠন করতে যাচ্ছি শিগগিরই। সেই লিয়াজো কমিটি আমাদের যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও করণীয় নির্ধারণ করে একটি রূপরেখা দেবে। যার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আন্দোলনের কর্মপদ্ধতি ঠিক করব।’

