ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেটকারের চাকায় পিষে রুবিনা আক্তারের (৫৫) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে শাহবাগ থানায় নিহতের ভাই জাকির হোসেন এ মামলা দায়ের করেন।
আসামি আজহার জাফর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে নৈতিক স্খলনজনিত কারণে তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাহবাগ থানার এসআই (উপ-পরিদর্শক) কামরুন নাহার বলেন, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে রুবিনা আক্তারকে মেরে ফেলার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তবে ঘাতক চালক মোহাম্মদ আজহার জাফর শাহের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার (২ ডিসেম্বর) মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে।একপর্যায়ে উপস্থিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে গাড়ি আটকে যায়।এসময় চালককে গণপিটুনি দেন উপস্থিত জনতা। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে আহত নারী ও গাড়িচালক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ওইদিন বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০মিনিটে মৃত ঘোষণা করেন। নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা।
ইমা

