এমই্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা শহীদ মহিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই ডিসেম্বর কোটি মানুষের হৃদয়ে নিয়ে আসে প্রেরণা। বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়ে মাথা তুলে দাঁড়াবার চুড়ান্ত মাস ডিসেম্বর। ১৬ ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করেছি তার মূল কাণ্ডারি ছিল বাংলাদেশ ছাত্রলীগ তথা ছাত্র সমাজ। ছাত্র সমাজই প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের সাহস দেখাতে পেরেছে পাকিস্তানি হানাদার বাহিনীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে। ছাত্র সমাজের সেই ভূমিকা কোন কারণে ক্ষুন্ন হলে আমরা লাখো শহীদের কাছে দায়ী হয়ে থাকবো। তাই নতুন প্রজন্মকে রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে ধারনা নিয়ে আগামীর সুন্দর ভবিষ্যত গড়তে হবে।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সাবেক কাউন্সিলর মো. মোরর্শেদ আকতার চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু, সাজ্জেদুর রহমান সাচ্চু, শাহজাহান, রতন প্রমুখ।
মেয়র আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম ছাত্রলীগের ভূমিকা অপরিসিম। এই কারণে ছাত্রনেতা মহিম সহ অনেককে অকালে প্রাণ দিতে হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার শাষনের পতন নিশ্চিত হয়। তিনি প্রসঙ্গক্রমে বলেন, সমাজে নানা অবক্ষয় শুরু হয়েছে। এই অবক্ষয় থেকে মুক্ত থাকতে হলে সৎ জীবন যাপন অপরিহার্য্য। বর্তমান রাজনীতিতেও শুদ্ধচার ঘটাতে হবে।
মেয়র আগামীকাল পলোগ্রাউন্ড মাঠের জনসভাকে কেন্দ্র করে নগরীতে যে উৎসমুখর পরিবেশ তৈরী হয়েছে তা পরিষ্ফুট করতে নেতা কর্মীদের ভূমিকা রাখার আহবান জানান।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমেদু হক।

