বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১২ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক শাখা ভবনের সীমানা প্রাচীর ধসের ঘটনায় জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলমকে। এছাড়াও কমিটির সদস্য করা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডিজিএম একেম শামসুদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ও ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালককে।’
রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পণ্যবাহী একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের আঞ্চলিক শাখার উঠোন থেকে সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতে সীমানা প্রাচীর ভেঙ্গে পথচারী ও ফুটপাতের হকারদের ওপর পড়ে। এ ঘটনায় সাতজন আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

