চট্টগ্রামে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্য এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
আজ (২৬ অক্টোবর) বুধবার বিকেলে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এ ঘটনা ঘটে।
মিছিলে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়কে যানজট সৃষ্টি করে। এসময় তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। একইসঙ্গে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিআরবি থেকে পার্টি অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ এসে বিনা উস্কানিতে আমাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে এবং লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং ১০ জনকে আটক করেছে পুলিশ।’

