রাজধানীর সূত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক এলাকায় বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর একটি দল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার র্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি (মিডিয়া) মো. ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-২ এর একটি দল রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব বলছে, গ্রেফতার মোশাররফ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাহতাব উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে মোশাররফ দীর্ঘ ১০ বছর যাবত পলাতক ছিল।
র্যাব-২ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ রায়ে মোশাররফকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে সে পলাতক। পরবর্তীতে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৪) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিল।
ইউডি

