পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে আসাদ নামে এক আসামি পালিয়ে গেছেন।
রোববার সন্ধ্যায় ঐ আসামি পালিয়ে যান। সোমবার বিকেল পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, পতেঙ্গা এলাকায় সংঘর্ষে জড়িত থাকার মামলায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা হাফিজ আল আসাদকে (২৬) গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেফতারের সময় ছুরিকাঘাতের কারণে তার হাত থেকে রক্ত পড়ছিল। পরে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আসাদ পালিয়ে যান।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে তাকে সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে পুলিশের প্রবেশের অনুমতি নেই। তাই পুলিশ বাইরে ছিল। কিন্তু আসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।পলাতক আসাদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ইউডি

