অন্যান্যদের মত আর্জেন্টিনা দলও বিশ্বকাপ ফুটবল খেলতে কাতার যাবে। তবে মেসি-মারিয়াদের বিশ্বকাপ যাত্রার জন্য এবার ভিন্ন আয়োজন করেছে আর্জেন্টিনা সরকার। এবার কাতার যেতে তাদের জন্য নতুন সাজে নতুন আঙ্গিকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে দেশটি।
সেই বিশেষ বিমানের গায়ে আর্জেন্টিনার পতাকার সঙ্গে মেসি, আনহেল ডি মারিয়াদের ছবিও আঁকা হয়েছে। বিমানে লেখা আছে একটি স্লোগান– ‘একটা দল, একটা দেশ, একটা স্বপ্ন’। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও আঁকা আছে বিমানটিতে।
কাতার বিশ্বকাপের টিকেট পাওয়া আর্জেন্টিনার জন্য কাতার বিশ্বকাপ বেশকিছু কারণে তাৎপর্যপূর্ণ। একদিকে কাতার বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ অন্যদিকে আগের আসরে রানার্সআপ হয়ে বিদায় নিয়েছে দলটি। তাই তাদের বিমানও সাজানো হয়েছে বিশেষ সাজে।
এয়ার বাস এ৩৩০-২০০ মডেলের একটি বিমানে করে কাতার বিশ্বকাপে খেলতে যাবেন মেসিরা। সেই বিমানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আঁকিয়েছে তাদের অধিনায়ক মেসির ছবি। আছে কোপা আমেরিকা জয়ের অন্যতম দুই কুশীলব ডি মারিয়া আর রদ্রিগো ডি পলের ছবিও, যদিও প্রথমবারের মতো বিশ্বকাপের ঝাঁজটা টের পাবেন ডি পল।
১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর একে একে কেটে গেছে ৩৬টি বছর। মাঝে দুবার বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা ওঠেনি দলটির ট্রফি কেসে। সেই খরাই এবার ঘোচাতে চাইবে আলবিসেলেস্তেরা।
লিওনেল মেসি সম্প্রতি ঘোষণাই দিয়ে দিয়েছেন, কাতারেই নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলবেন তিনি। সেই বিশ্বকাপের আগে অবশ্য তার দল আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। টানা ৩৫ ম্যাচ আর শেষ তিন বছর হারেনি দলটি, যে কারণে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেও ধরা হচ্ছে তাদের।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবেন মেসির দল। সি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী বাকি দু’দল মেক্সিকো ও পোলান্ড।
ইউডি

