চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সবুজ (২৫) নামে এক দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে আটক করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর জুয়েল নামের এক দালালকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটক ওই যুবক নোয়াখালীর নিয়ামতপুর এলাকার দুলামিয়া মুন্সি বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। তিনি হাসপাতালের সামনে বি কে ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, গাইনী ওয়ার্ডের ভিতরে ওই যুবক ঘুরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ওই যুবক ওষুধের দোকানের হয়ে কাজ করেন বলে স্বীকার করেন। এরপর তাকে গাইনী ওয়ার্ড থেকে আনসার সদস্যরা ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

