ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ নাম উল্লেখ করে আট জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ আবেদন করেন জান্নাতুল ফেরদৌসী।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর-ই আলম জানান, মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করার পর আদেশ দেবেন।
জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী।
অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে নির্যাতন করা হয়।

