বাংলাদেশের নাইক্ষংছড়ি ঘুমধুম, তুমব্রু ও উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে অবিরাম গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবানের ঘুমধুমের বাসিন্দা আবদুল হামিদ জানান, সকাল ৭টা থেকে ওপারে গোলাগুলি শুরু হয়। দুপুর পর্যন্ত পাঁচটি ভারি গোলার শব্দ শোনা গেছে।
তুমব্রু পশ্চিমকুল এলাকার বাসিন্দা কবির আহামদ ড্রাইভার জানান, এই তুমব্রু সীমান্ত বরাবর এলাকায় সোয়া ১১টার দিকে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এক সাথে লাগাতার ছয়-সাতটি গোলা বর্ষণ হয়েছে। শব্দ শুনে মনে হয়েছে মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে। সেই সাথে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। তবে সীমান্ত থেকে অনেকটা ভেতরে হবে।
অন্যদিকে উখিয়ার পালংখালীর আঞ্জুমান পাড়া সীমান্তেও সকাল থেকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
আঞ্জুমান পাড়া পূর্ব ফারির বিল এলাকার দোকানদার বেলাল উদ্দীন জানান, সকাল থেমে থেমে চার-পাঁচটি মতো গোলা বর্ষণের শব্দ শোনা গেছে। তবে বেশ দূরে।
মায়ানমারের অভ্যন্তরে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ইতোমধ্যে মায়ানমার এলাকা থেকে ছুটে আসা মর্টারসেলের আঘাতে শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত ও চারজন আহত হয়।
ইউডি

